ঢাকা অফিস: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফ-৭ বিজি বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং আরও ১৭১ জন গুরুতর আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১শে জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিহত ২০ জনের মধ্যে বিমানবাহিনীর ১ জন কর্মকর্তা রয়েছেন, যিনি বিমানটির প্রশিক্ষক ছিলেন। বাকি ১৯ জন ছিলেন ঘটনাস্থলের আশপাশে অবস্থানরত সাধারণ মানুষ।
আহতদের চিকিৎসা চলছে ঢাকার আটটি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কুয়েত মৈত্রী হাসপাতাল, ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউট আহত ৭০, নিহত ২, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ৩, নিহত ১, সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল), ঢাকা আহত ১৭ জন, নিহত ১২, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ১ জন নিহত ২, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা আহত ১১, নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতাল আহত ৬০, নিহত ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, মোট আহত ১৭১, নিহত ২০ জন।
আইএসপিআর জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের আওতায় যুদ্ধবিমানটির রুটিন রক্ষণাবেক্ষণ, ওড়ার অনুমতিপত্র, পাইলটের স্বাস্থ্য ও প্রশিক্ষণ রিপোর্ট, এবং বিমানের ব্ল্যাক বক্স বিশ্লেষণ করা হবে।
ঘটনার পরপরই দিয়াবাড়ি এলাকায় হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়, যার ফলে উদ্ধারকাজ বারবার ব্যাহত হয়। পুলিশ ও র্যাব বারবার জনতাকে সরিয়ে দিতে অনুরোধ জানালেও অনেকেই ছবি তুলতে ও লাইভ সম্প্রচার করতে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনীকে শেষে এলাকায় কর্ডন তৈরি করে নিয়ন্ত্রণে আনতে হয়।