পাশের হার ও জিপিএ-৫ দু’ই কমেছে যশোর শিক্ষা বোর্ডে 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মোট ১১ টি শিক্ষা বোর্ড রয়েছে।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, ১টি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ১টি কারিগরি শিক্ষা বোর্ড । এসব শিক্ষা বোর্ডের সাথে একযোগে যশোর শিক্ষা বোর্ড ও এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার চারশ’ ১০ শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুর দুইটায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম।

এসময়ে সেখানে বোর্ডের সচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক অধ্যাপক তৌহিদুর রহমান, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামানসহ যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এক লাখ ৩৮ হাজার আটশ’ ৫১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাশ করেছে এক লাখ দুই হাজার তিনশ’ ১৯ শিক্ষার্থী।

গত বছর যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ শিক্ষার্থী।

তবে এবার এ বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, এবার অন্যান্য বিষয়ের তুলনায় ইংরেজি ও অঙ্কে পাশের হার কিছুটা কম হয়েছে। যার প্রভাবে সামগ্রিক পাশের হারও গতবারের তুলনায় কিছুটা কমেছে। তিনি বলেন, এবার ইংরেজিতে ৮৩.৭৭ এবং অঙ্কে ৮৫.০২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। তবে বাংলায় ৯৭.৯২, ভুগোলে ৯৪.৬৯, ইসলাম ধর্মে ৯৭.৯৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। কারণ হিসেবে তিনি গত বছরে শিক্ষার্থী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাতের বিষয়টি উল্লেখ করেন। তবে তিনি আশা করেছেন আগামী বছর যশোর বোর্ডের পাশের হার আরো ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *