নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় ঘরের স্টিলের সাব বাক্সর মধ্যে থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ই জুলাই) সন্ধ্যায় বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে নিজ বাড়ির একটি ইস্টিলের বক্স থেকে তার রক্তাক্ত মৃত্যু দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী তপন দেবনাথ কে পুলিশ আটক করেছে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে প্রতিবেশীরা সুচিত্রা দেবনাথকে তার বাসায় ঘোরাফেরা করতে দেখেছেন। এরপর সকাল সাড়ে ৬টার দিকে তার স্বামী তপন দেবনাথ এলাকায় প্রচার করতে থাকেন তার স্ত্রী সুচিত্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি তার এলাকার নিকট আত্মীয়দের নিয়ে আশপাশের এলাকায় রাত আটটা পর্যন্ত খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। রাত ৯টার দিকে তিনি আশপাশের লোকের কাছে প্রচার করেন কে বা কারা তার স্ত্রীকে মেরে তার ঘরের সাব বাক্সের ভিতরে রেখে গেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন তার বাড়িতে হাজির হন। সাথে সাথে খবর দেন বাঘারপাড়া থানা পুলিশকে। রাত দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে বাঘারপাড়া থানা পুলিশ তপন দেবনাথের বেড়ার ঘরের ভেতরের সাব বাক্সের মধ্যে থেকে সুচিত্রার মৃত্যু দেহ উদ্ধার করেন। মৃতদেহটি কাপড় ও লেপ দিয়ে ঢাকা ছিল এবং বক্সের ঢাকনা আটকানো অবস্থায় ছিল।
স্থানীয় সূত্রগুলো জানায়, তপন দেবনাথ ও সুচিত্রা দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তাদের তিনটি সন্তান রয়েছে। তাদের মধ্যে দু’টি মেয়ে ও একটি ছেলে। মেয়ে দুটি শ্বশুরবাড়িতে থাকে। ছেলে বিয়ে করে যশোর শহরে থাকে। তারা জানায় পারিবারিক কলহের জের ধরে গোলযোগের এক পর্যায়ে সুচিত্রাকে তপন দেবনাথ মারধর করেন। আকস্মিকভাবে তার মৃত্যু হলে মৃত্যু দেহ তিনি নিজেই ঘরের সাব বাক্সের মধ্যে কাপড়-চোপড় দিয়ে ঢেকে রাখেন। এরপর বক্সের মুখ আটকে রাখেন। পরে তিনি নিজে বাঁচতে এ নাটক তৈরি করেছেন।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ তাইজুল ইসলাম বলেন, রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তপন দেবনাথের ঘরের বাক্সের ভিতর থেকে মৃত্যু দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে।