নিজস্ব প্রতিবেদক:যশোরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরাদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ই এপ্রিল) দুপুর ২টার দিকে বাড়ির পাশের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে যশোর কোতোয়ালী থানার পুলিশ।
নিহত তানভির হাসান নিশান (১৪) যশোর সদর উপজেলার রামনগরের ভাটপাড়া এলাকার খাইরুল বাশারে ছেলে। সে ভাটপাড়া আলিয়া মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
নিহতের বাবা খাইরুল বাশার বলেন, রোববার রাত ১০টা ৩০ মিনিটের দিকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিশানের মোবাইল ফোন নম্বর থেকে কল করে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং কিছুক্ষণ পর ফোন কেটে দেয়। এ ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। পরে সোমবার দুপুরে বাড়ির কাছের পুকুরে কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তির পায়ে কিছু ধাক্কা লাগলে সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে চাপা দেওয়া অবস্থায় নিশানের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী কিশোরের হাত-পা লুঙ্গি দিয়ে বাঁধা ছিল এবং মরদেহ পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। স্থানীয়দের ধারণা, মুক্তিপণ না পেয়ে নিশানকে হত্যা করা হতে পারে।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড রহস্য উদঘাটনে পুলিশের কয়েকটা টিম কাজ করছে।