কলারোয়ায় বিজিবির অভিযানে দেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তলুইগাছা এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে।
শনিবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে তলুইগাছা বিওপির সদস্যরা এসব মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়ান সদরের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৪ এর বিপরীতে তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নটিজঙ্গল নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান করে। পরবর্তীতে অদ্য ২৫ আগষ্ট ২০২৪ তারিখ আনুমানিক ০১১৫ ঘটিকার দিকে ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।
এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শণ করে অগ্রসর হতে থাকলে বিজিবি টহলদল প্রাথমিক সতর্কতা হিসাবে ২-৩ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এতেও ভারতীয় চোরাকারবারীরা নিবৃত না হয়ে বরং আক্রমণাত্মক থেকে দূর থেকে ধারালো দেশীয় অস্ত্র (ম্যাসাটে/দা) নিক্ষেপ করলে বিজিবি টহল দল আত্মরক্ষার্থে চোরাকারবারীদের সন্নিকট লক্ষ্য করে ০২ (দুই) রাউন্ড ফায়ার করলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। এ সময় বিজিবি সদস্য সেখান থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেন। এ বিষয়ে কলারোয়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।