স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় মুসা (৩০) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০শে মে) সন্ধা ৭ টার দিকে উপজেলার হরিনাপোতা বাজার মোড়ে গুলি করে ও এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে যায়।
এ সময়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তারদের পরামর্শ তাকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে গতকালইং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাসেল (২০) নামে আরো একজন গুরুতর আহত হয়।
নিহত রানা মুসা হরিনাপোতা গ্রামের আতাউর হকের ছেলে ও তার ভাইপো আহত রাসেল ইসহাকের ছেলে।
নিহত যুবকের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু বেচা কেনা নিয়ে মুসার সাথে ৬/৭ মাসে আগে মান্দারতলা এলাকার অস্ত্র ও মাদককারবারি সিন্ডিকেটের রফিকুল, মিলন ও সুমনের সাথে দ্বন্দ ছিলো। ঘটনার দিন বিকেল ৫ টার দিকে মুসা ও ভাইপো রাসেল চা খাওয়ার জন্য হরিনাপোতা বাজার মোড়ে যায়। এসময় রফিকুল, মিলন ও সুমনসহ আরো একদল সন্ত্রাসী অতর্কিতভাবে মুসাকে উপর্যুপরি কোপাতে শুরু করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাইপো রাসেল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভাইপো রাসেলকে ভর্তি রাখে এবং মুসার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন যশোরের চিকিৎসাকরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর নাভারণ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা ওই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।