নিজস্ব প্রতিবেদক: ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে আরজু (১০) ও মাইমুন আহম্মেদ (৩) নামের দুই শিশু গুরুত্বর আহত হয়েছে।
আহত আরজু ফতেয়াবাদ গ্রামের আসলাম সরদারের ছেলে এবং মায়মুন একই গ্রামের বাবলু রহমানের ছেলে।
বৃহস্পতিবার(৭ই মার্চ) দুপুর সাড়ে ১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে তাদের অবস্থা উন্নতি না হওয়ায় ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরো ৯টি তাজা ককটেল উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর একটা দিকে আরজু এবং মাইমুন আহম্মেদ ফতেয়াবাদ গ্রামের মহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে খেলা করছিলো। সে সময় আবর্জনার মধ্যে পড়ে পাওয়া একটি বাজারের প্যাকেটে শিশুরা লাল-কালো টেপ পেচানো বল সদৃশ বস্তু দেখতে পায়। খেলার ছলে ওই টেপ খুলতেই বিকট শব্দে একটির বিষ্ফোরণ ঘটে। এতে আরজুর হাতে ও মাইমুনের মুখসহ শরীরের উপরের অংশ ঝলসে যায়। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ডাক্তার রা তাদের কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পরিত্যক্ত একটি ঘরে তারা খেলাধুলা করছিলো। এ সময়ে একটি ব্যাগে থাকা বল সাদৃশ্য একটি বস্তু নিয়ে খেলা করছিল। খেলার সময়ে একটি বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশু গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে ৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ককটেল কোথা থেকে কিভাবে এখানে এসেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এরপরেই বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।