প্রাণহীন গাছে ১২ প্রাণ কেড়ে নিলো, তবু হুঁশ হয়নি কতৃপক্ষের

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: প্রাণহীন ৪৫৩ গাছে তরতাজা ১২ প্রাণ কেড়ে নিয়েছে। তবু হুঁশ ফেরিনি কতৃপক্ষের।

সড়ক ব্যবহারকারীরা বলছে দিনে দিনে মৃত্যুর আশঙ্কা আরো বাড়ছে। যশোর বেনাপোল সড়কের ৬৯৭টি শতবর্ষে রেইন্ট্রি গাছের ৪৫৩টির অধিকাংশ মারা গেছে, আবার কিছু অংশ অর্ধ মৃত্যু। বাকিগুলোও প্রাণহীন হয়ে পড়েছে। রাস্তা সংকীর্ণ হওয়ায় রাস্তার দু’ধার দিয়ে যান চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। রাতের আঁধারে সড়ক গুলো দিয়ে ভারী যানবাহন চলার সময়ে প্রচন্ড গতিতে ধাক্কা লাগায় গাছের শুকনো ডাল, ভগ্নাংশ ও অর্ধমৃত গাছের ডাল ছোট যানবহন গুলোতে ভেঙে পড়ায় অহরহ ঘটছে প্রাণহানি।

গত পাঁচ বছরে যশোর-বেনাপোল ৩০ কিলোমিটার সড়কের এসব মৃত্যু অথবা অর্ধ মৃত্যু গাছের ডাল যাত্রীদের মাথায় ভেঙে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক। তাছাড়া আমফান ঝড়ে ১২টি এবং রাস্তা উন্নয়নের কাজে পড়ে যায় ৬টিসহ মোট ১৮টি গাছ। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখনো কোন হুশ ফেরেনি। সরকারী এক দপ্তর আরেক দপ্তরকে দীর্ঘদিন ধরে দোষারোপ করে আসছেন।

সর্বশেষ (১৭ আগস্ট ২৩) রাত সাড়ে দশটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে শতবর্ষী গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে সালাউদ্দিন (৪৫) ও শিমুল হোসেন (৩৫) নামে দুই যাত্রীর মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন যশোর উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে ও শিমুল বেনাপোল বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে।

সরেজমিনে দেখা যায়, যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার মল্লিকপুর ধেভড়িপাড়া থেকে নাভারণ পুরাতন বাজার পর্যন্ত শতবর্ষী অন্তত ১৫টি বড় শিশুগাছ মহাসড়কের মাঝ পর্যন্ত হেলে রয়েছে। এতে বড় কাভার্ডভ্যান ও পরিবহন চলাচল করতে পারছে না। এর মধ্যে মল্লিকপুর ধেভড়িপাড়া, কীত্তিপুর পালপাড়া, হাজিরালী মহিলা কলেজ মোড়, বালিখোলা, বেনেয়ালী, গদখালী ফুল বাজার, নবীবনগর মোড়, কলাগাছি, নাভারণ কলোনী পাড়া এবং নাভারণ পুরাতন বাজার এলাকায় সড়কের ওপরে গাছ হেলে রয়েছে। এসব স্থানে আরও ২০টি মরা গাছের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে।

গাছ পড়ে নিহত মোটর শ্রমিক শিমুলের স্ত্রী রানুয়া বলেন, আমার স্বামী জীবনের ঝুঁকি নিয়ে বাসের হেলপারি করতো। অথচ রাস্তায় নির্মমভাবে তার মৃত্যু হলেও সরকারের পক্ষ থেকে এমনকি বাস মালিক সমিতির পক্ষ থেকেও কোন খোঁজ খবর নেয়া হয়নি। এখন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছি।

বাবু নামে এক বাস চালক বলেন, উপরে গাছের ডাল ও নিচে সড়কের মধ্যে ঢুকে পড়েছে গাছের গোড়া। বামপাশ দিয়ে চলার কথা থাকলেও গাছে বডি বেধে যাওয়ায় রংসাইডে ঢুকে পড়া লাগে। তখন যদি সামনের দিক থেকে দ্রুত গতিতে দূরপাল্লার গাড়ি আসে তাহলে বিপদে পড়তে হয়। তাই খুব ঝুঁকি নিয়ে এ মহাসড়কে গাড়ি চালাতে হয়।

মিনি বাসের চালক জাহাঙ্গীর হোসেন বলেন, শতবর্ষী গাছগুলো এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মৃত ও অর্ধমৃত গাছগুলো বিভিন্ন সময়ে ভেঙে পড়ে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। বেনাপোল থেকে ছেড়ে আসা দূরপাল্লার পরিবহন ও বন্দর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের পাশ কাটাতে গিয়ে অধিকাংশ সময় বাসের উপরের অংশে হেলে পড়া গাছগুলো বেঁধে যায়। এ সময়ে প্রচন্ড ঝাকুনিতে গাছের ডাল ভেঙে বাসের ছাদে ও আশপাশের ছোট যানবহনে ভেঙে পড়ে। এতে প্রতিনিয়ত আহত ও নিহতের ঘটনা ঘটছে। তবে কে কার খোঁজখবর রাখেন। সবাই থাকে সবার ধান্দায়। তাই আহত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়।

নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলের প্রভাষক আনামুল কাদির শামীম বলেন, প্রতিদিন জীবন টা হাতের মুঠোয় নিয়ে যশোর থেকে মোটরসাইকেল যোগে কলেজ আসি। মনে হয় এই বুঝি গাছের ডাল ভেঙে মাথায় পড়লো। শুধু আমি নয়, এ রাস্তা ব্যবহারকারীর সবাই একই রকমের শঙ্কায় আআছে। তাই দ্রুত রাস্তার দুই ধারের এসব মৃত ও অর্ধ মৃত্যু গাছগুলো অপসারণ করা জরুরী। তা না হলে দিন দিন প্রাণহানীর সংখ্যা আরো বাড়বে বলে তিনি জানান।

 

এ বিষয়ে যশোর রোড উন্নয়ন ও গাছ রক্ষা নাগরিক আন্দোলনের সমন্বয় কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সাধারণ মানুষের পক্ষে। তাই মৃত্যু ও অর্ধ মৃত্যু গাছগুলোকে কেটে জীবিত গাছগুলো রাখার জন্য মত প্রকাশ করেন।

 

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, প্রাচীন এ গাছগুলো শুধু ঝুঁকিপূর্ণই নয়, বিপজ্জনকও বটে। বন্দর থেকে কন্টেনার বাহি ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো প্রতিনিয়ত গাছগুলোর কারণে মালামাল নিয়ে যেতে আটকে যাচ্ছে। ৪০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে দুই ঘন্টার বেশি সময়। তাই জাতীয় স্বার্থে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করে মহাসড়ক সম্প্রসারণ করা জরুরি। তা না হলে একদিকে যেমন পরিবহন যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে এসব গাছে দিনে দিনে প্রাণহানীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

বিভাগীয় বন সংরক্ষক যশোরের কর্মকর্তা আবুল কালাম বলেন, এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলে কোন লাভ নেই। জেলা প্রশাসক ও জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এ কর্মকর্তা।

জেলা পরিষদ যশোরের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন, পাঁচ বছর আগে মহাসড়কের গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। পরিবেশবাদীদের বিরোধিতা ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় গাছ অপসারণ বন্ধ হয়ে যায়। তবে হাইকোর্টের মামলাটি নিষ্পত্তি হওয়ার সাথে সাথে প্রাণহীন গাছগুলো অপসারণ করা হবে।

যশোরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক উন্নয়নের প্রকল্প উপস্থাপন করা হয়েছে। খুব দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। আশা করছি তার আগেই হাইকোর্টের মামলাটি নিষ্পত্তি হবে। তখন গাছ অপসারণে আর কোন বাধা থাকবে না।

 

উল্লেখ্য জমিদার কালী পোদ্দার ১৮৪০ সালে যশোর থেকে কলকাতা পর্যন্ত রাস্তার দু’পাশে অতি বর্ধনশীল রেইন্ট্রি বৃক্ষের চারা রোপণ করেন। সেই বৃক্ষগুলোই যশোর-বেনাপোল সড়কে এখনো ছায়া দিচ্ছে। দেশ ভাগের পর ৮০ কিলোমিটার যশোর রোডের ৩৮ কিলোমিটার পড়ে বাংলাদেশ অংশে। মহান মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড দিয়ে লাখ লাখ শরণার্থী ভারতে আশ্রয় নেন। অ্যালেন গিন্সবার্গ তার বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’এ এই মহাসড়কের কথাই বলেছেন।

ঐতিহ্যবাহী এই মহাসড়কের যশোর থেকে বেনাপোল সীমানা পর্যন্ত প্রায় ৩ হাজার শতবর্ষী গাছ ছিল। কয়েক দশক আগের এক জরিপে ২ হাজার ৩৫০টি গাছ পাওয়া যায়। তবে বর্তমানে রয়েছে ৬২০টি গাছ। এরমধ্যে ৭৫টি মৃত। অর্ধমৃত ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে প্রায় ২০০টি। এরমধ্যে ৭-৮টি গাছ রাস্তার দুই ধারে পড়ে আছে।

২০১৮ সালে যশোর-বেনাপোল মহাসড়ক সংস্কারের জন্য দু’পাশের গাছ কাটার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। কিন্তু পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটা নিয়ে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হয়। এরপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় গাছ কাটা বন্ধ হয়ে যায়। যেটি এখনো নিষ্পত্তি হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *