যশোরে সেফটি ফোর্স প্রাইভেটের তিন প্রতারক গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: নাম পরিবর্তন করেও রেহাই হলো না আশরাফুল চক্রের। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর। 

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৬ যশোর।

দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড নামে ভূয়া কোম্পানির মাধ্যমে বিভিন্ন চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করতো।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- প্রতারক চক্রের মূলহোতা ভুয়া কোম্পানির পরিচালক যশোর শহরের সিটি কলেজ পাড়া এলাকার হাজী আবদুল হামিদের ছেলে রাশেদুল হাসান (৪৬), ঝিকরগাছার ফতেপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার মল্লিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

উল্লেখ্য এসব প্রতারকরা আগে তিন থেকে চার বার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তবে বারবার তারা আদালত থেকে জামিন পেয়ে একই প্রতারণায় নিয়োজিত ছিল।

র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব জানিয়েছেন, গত ১০ অক্টোবর যশোরের বাঘারপাড়া থেকে বায়েজিদ বোস্তামী নামে এক ব্যক্তি র্যাব-৬ যশোর বরাবর একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে ওই ভুয়া কোম্পানির অফিসে সরজমিনে গেলে অভিযোগের সত্যতা মেলে। এসময় ওই ভুয়া কোম্পানির পরিচালকরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া কোম্পানি খুলে চাকরি দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করছে বলে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে আসামিরা আরও জানায়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে বেকার ছেলে-মেয়েদের প্রলোভিত করার উদ্দেশে অনলাইনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফলে হাজার হাজার বেকার ছেলে-মেয়েরা তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার আশ্বস্ত করে। এবং ৩০০ থেকে শুরু করে ধাপে ধাপে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।

কোম্পানি কমান্ডার আরও জানান, আগেও গ্রেফতার এই প্রতারক চক্র ঢাকার মধ্য বাড্ডা লিংক রোডে ইউনিক ফোর্স নামে একটি ভুয়া কোম্পানি খুলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। ইউনিক ফোর্স প্রতিষ্ঠানে রাশেদুল হাসান ছিলেন কথিত ম্যানেজিং ডাইরেক্টর, আশরাফুল ও শরিফুল ইসলাম ছিলেন অ্যাডমিন অফিসার। ইউনিক ফোর্স প্রতিষ্ঠানের প্রতারণা জানাজানি ও র্যাব-১ অভিযান পরিচালনা করে। এসময় তারা পালিয়ে যায়। পরবর্তীতে প্রতারক চক্রটি যশোরে দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠান খুলে তাদের প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছিল। অভিযোগকারী বাদী কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। প্রতারণা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের ও জব্দ করা আলামত কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *