বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বইয়ে স্বাক্ষর ফরাসি প্রেসিডেন্টের

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (১১ই সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পরে ৭৫ সালে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন ম্যাক্রোঁ। ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাকে স্মৃতি জাদুঘর ঘুরে দেখান। এ সময় বাংলাদেশ জন্মের রক্তস্নাত ইতিহাস এবং শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম সম্পর্কে ফরাসি প্রেসিডেন্টকে অবহিত করা হয়। শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন। সেখান থেকে গতরাতে ঢাকায় আসেন। ৩৩ বছর পরে ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সফরে ঢাকায় এলেন তিনি।

রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। পরে ‘জলের গান’ ব্যান্ডের শিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করেন ম্যাক্রোঁ।

সফরকালে আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো ছাড়াও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং সবশেষ দুই দেশের একটি যৌথ প্রেস ব্রিফিং করবেন ম্যাক্রোঁ।

বাংলাদেশে ফ্রান্স দূতাবাস জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও ফ্রান্স বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে। বিশেষ করে প্যারিস এজেন্ডা ফর পিপলস অ্যান্ড দ্য প্ল্যানেটের কাঠামোর সক্রিয় সমর্থক ঢাকা। শান্তিরক্ষা, বিপুলসংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ অবদানকারী বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স সরকার।

আজ সোমবারই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *