নিজস্ব প্রতিবেদক: যশোরে বিচালি কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে একমাত্র ছেলে তানভীর হাসান শিমুল (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় বাবা জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়েছেন।
এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রোববার (৩ই সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌগাছা ইউনিয়নের লস্করপুর গ্রামে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তানভীর হাসান শিমুলকে মৃত্যু ঘোষণা করেন। পরে বাবা জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম ও তার ছেলে শিমুল রোববার সকালে বিচালি কাটা মেশিনে বিচালি (খড়) কাটছিলেন। হঠাৎ মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে গেলে তার পিতা জাহাঙ্গীর আলমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীর আলমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বিচালি কাটা মেশিনে বিদ্যুতারিত হয়ে জাহাঙ্গীর আলমের একমাত্র সন্তান শিমুলের মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। শিমুল সিংহঝুলি আলিম মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় শিমুলির বাবা জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সবুজ বলেন, মেশিনে বিছালী কাটার সময়ে শিমুল নামে এক যুবকের মৃত্যুর ঘটনার জানার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ার দেখা হচ্ছে।