বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে সম্রাট হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ৩টি বিদেশি নাইন এম এম পিস্তল,৪টি ওয়ান শুটার গান পিস্তল,৪টি ম্যাগাজিন ও ১০টি গুলিসহ আটক হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বেনাপোল দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে এ বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করেন।
আটক সম্রাট হোসেন বেনাপোল দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান এনে অগ্রভুলাট ও দৌলতপুর এলাকায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী ও অগ্রভুলাট বিওপির দুটি পৃথক টিম অভিযান চালিয়ে ৩টি নাইন এম এম পিস্তল, ৪টি ওয়ান শুটার পিস্তল , ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এর মধ্যে সম্রাটকে দুটি নাইন এম এম আমেরিকান তৈরি পিস্তল, দুটি ওয়ান শুটার গান পিস্তল এবং দুটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়।অপর দিকে অগ্রভুলাট সীমান্তে একটি নাইম এম এম পিস্তল, দুটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান বলেন, সীমান্তের চোরাই ঘাট ব্যবহার করে অস্ত্রগুলো বাংলাদেশ প্রবেশ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এ বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য গত কয়েক মাস ধরে বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্র ও স্বর্ণ চোরাচালান বহুবনে বৃদ্ধি পেয়েছে। হাতেগোনা দুই একটা চালান ধরা পড়লেও এসব অবৈধ অস্ত্র ও স্বর্ণের চালান প্রতিনিয়ত ঢুকছে বাংলাদেশ। আর এসব অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে।