স্টাফ রিপোর্টার: রংপুরের বদরগঞ্জ থেকে আই লাখ টাকা মূল্যের আম কাঁঠাল ট্রাক ভর্তি নিয়ে আত্মগোপন করা ট্রাক ড্রাইভার মিঠুল দুই লাখ আঠারো হাজার টাকাসহ ঝিকরগাছায় আটক হয়েছে।
রোববার বিকাল পাঁচটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঝিকরগাছার কীর্তিপুর ট্রাক স্ট্যান্ড থেকে তাকে আটক করেন। এ সময়ে তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও বিকাশে নেওয়া ১৮ হাজার টাকা জব্দ করেন।
আটক মিঠুল হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার মাহতাবনগর এলাকার আমজেদ হোসেনের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, জসিম নামের আম-কাঠালের ব্যবসায়ীর ২,৩৫,১০০ টাকা মুল্যের আম-কাঠাল নিয়ে ৮ই জুলাই রাতে রংপুর বদরগঞ্জ থেকে ভোলার চরফ্যাসনে পৌছানোর জন্য ভাড়ায় চুক্তিবদ্ধ হন ট্রাক চালক মিঠুল হোসেন। তার ট্রাকযোগে রওনা দিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে আম-কাঠাল পৌছে না দিয়ে আত্মসাৎ করে। এই ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন ড্রাইভার মিঠুলের মোবাইলের তথ্য মোতাবেক ১৬ই জুলাই তারিখে যশোর এসে জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করেন। বিষয়টি আমলে নিয়ে আত্মসাৎকারী ড্রাইভারকে শনাক্ত করে আটক ও আত্মসাৎকৃত পন্য উদ্ধারের জন্য এসআই সাদ্দাম হোসেনকে নির্দেশ প্রদাণ করি। এক পর্যায়ে সাদ্দাম হোসেন প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে আজ বিকেল পাঁচটার দিকে ঝিকরগাছার কীর্তিপুর ট্রাকস্ট্যান্ডে অভিযান চালিয়ে আত্মসাৎকারী ড্রাইভার মিঠুলকেও তার ব্যবহৃত ট্রাকটি আটক করে। এ সময়ে তার হেফাজত থেকে ট্রাক,মালামাল পরিবহণের বুকিং চালানের মুল কপি, মালামালের ক্ষতিপূরণের দুই লাখ টাকা, আত্মসাৎকৃত পন্য বিক্রয় লব্দ বিকাশের ১৮ হাজার টাকাসহ মোবাইল ফোন জব্দ করে। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীর উপর ভিত্তি করে ঢাকা দারুসসালাম বেড়িবাঁধ রোডে কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে আত্মসাৎকৃত আমের ক্যারেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।