স্টাফ রিপোর্টার: যশোরে এবার সুমাইয়া (১৩) ও চাঁদনী ওরফে জুঁই (১৭) নামে দুই কিশোরী গ্যাংয়ের সদস্যকে বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে যশোর গাড়িখানা রোডের পুনাক মেলা থেকে তাদের আটক করেন যশোর কোতোয়ালি থানা পুলিশের এস আই রফিকুল ইসলাম।
আটককৃতরা সুমাইয়া-শহরের পশ্চিম বারান্দীপাড়া হাফেজিয়া মাদ্রাসার পাশের আলমগীর শেখের মেয়েও চাঁদনী ওরফে জুঁই চাঁচড়া রায়পাড়ার এলাকার মৃত সুমনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুই কিশোরী দুপুরে গাড়িখানা রোড পুনাক মেলায় সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের গতিবিধি পুলিশের সন্দেহ হলে যশোর কোতয়ালী থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম তাদেরকে আটক করেন। এরপর তাদের মধ্যে একজনের কাছে তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করেন।
বিশেষ সূত্রগুলো জানিয়েছে, কিশোর গ্যাং এর সদস্যরা এসব কিশোরী গ্যাংদের পরিচালনা করে থাকেন। প্রথমে এসব কিশোরীরা উঠতি বয়সী যুবক-যবতীদের টার্গেট করে নানাভাবে ইমপ্রেস করে থাকে।
এরপর নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তাদের সর্বস্ব লুটে নেয়।
বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের মুঠোফোনে কয়েকবার সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।