নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে দ্রুব নামে দশম শ্রেণির এক ছাত্র খুন হয়েছে।
মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত দ্রুব (১৫) ফতুল্লার ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, দ্রুব, ইয়াসিন, পিয়াস, রিপন, অন্তরসহ কয়েকজন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা এক সাথে চলাফেরা করে। স্কুল ছুটির পর প্রত্যেকেই স্কুলে সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। মঙ্গলবার রাতে আড্ডা দেয়ার সময় তাদের সাথে দুটো মেয়েকে দেখা গিয়েছিল।
নারী সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
তাদের মধ্যে ইয়াসিন জানান, পিয়াস তাকেসহ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দ্রুবকে ডেকে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যায়। এরপর দ্রুবকে পিয়াস ছুরিকাঘাত করে অন্যরা মারধর করেন।
ইসদাই রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান জানান, শুনেছি বিষয়টি মেয়ে সংক্রান্ত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত করছেন। তদন্তের পরই বলা যাবে কোন কারণে তাকে হত্যা করা হয়েছে।তারা স্কুলে পড়লেও তাদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগ লোকমুখে শোনা যাচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে পারবো এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।