স্টাফ রিপোর্টার: যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান সেতুর বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ না পেয়ে হত্যা মামলার আসামি করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
গত ২১ মার্চ যশোর শহরের মিশনপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে মাসুম কবির বাদী হয়ে দুর্নীতির অভিযোগে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেছেন।
এ ব্যাপারে দুদককে দেয়া অভিযোগের কোনো কার্যকরি ব্যবস্থা নেয়া হয়েছে কিনা বিচারক প্রতিবেদন আকারে আদালতে জমা দেয়ার আদেশ দিয়েছেন। সোমবার এ মামলার ধার্য দিনে দুদকের প্রতিবেদন না পাওয়ায় আগামি ২৪ মে অভিযোগের গ্রহণ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মামলার অভিযোগে সূত্র থেকে জানা গেছে, মাসুম কবীর যশোর মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মালিকানা সদস্য থাকা অবস্থায় ২০২১ সালের ২২ মে মাহফুজুর রহমান নামের এক রোগীর মৃত্যু হয়। ওই মৃত্যু সংক্রান্তে মামলায় আসামি করা হবেনা মর্মে তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান তার কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় ওই মামলায় তাকে আসামি করা হবে বলে ভয়ভীতি দেখান। ঘুষের টাকা দিতে অস্বীকার করায় মাসুম কবীরকে ২২ মে দিবগত ভোররাতে মিশনপাড়ার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর কোতয়ালি থানায় নিয়ে ওই হত্যা মামলার আসামি করা হয়। একই সাথে সাক্ষীদের তার নাম বলার জন্য চাপ দিতে থাকেন তদন্তকারী কর্মকর্তা।
আশরাফুল কবীর তুহিনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হতো প্রতিষ্ঠানটি। ওই দিন সকালে ৬টা ৪৫ মিনিটে রুটি তৈরীকে কেন্দ্র করে গোলোযোগের কারণে মারপিটের ফলে মৃত্যু হয় মাহফুজুর রহমানের। যা সিসি ফুটেজে উঠে এসেছে। বিষয়টি পরে তিনি তুহিনের মাধ্যমে জানতে পারেন। অথচ মামলার তদন্তকারী কর্মকর্তা রকিবুজ্জামান ১০ লাখ টাকা ঘুষ না পেয়ে কবিরকে ওই হত্যা মামলার হুকুমের আসামি করা হয়েছে। কবীর প্রথমে এ বিষয়ে দুদক কার্যালয় যশোরে অভিযোগ দিয়েছিলেন। দুদক এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গত ২৩ মার্চ দুর্নীতির অভিযোগে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ দিয়েছিলেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে দুদকের কাছে প্রতিবেদন চেয়ে মামলার গ্রহণ বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন। এ দুদকের প্রতিবেদন না পাওয়ায় আগামি ২৪ মে মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে গ্রহণ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিষয়টি নিয়ে যশোরের দুদকের পরিচালক আলামিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,মাসুম কবির নামে এক ব্যক্তি এ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের কাছে লিখিতভাবে করেছেন। আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি। মামলা দায়েরের জন্য ইতোমধ্যে ফাইলটি ঢাকা পাঠিয়েছি। ঢাকা থেকে রেসপন্স পাওয়ার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।