বেনাপোল প্রতিনিধি: বিভিন্ন সময়ে দেশ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ২৩ কিশোর-কিশোরী বেনাপোল আন্তর্জাতিক লোকেশন দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ২৩ জনকে হস্তান্তর করেছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি ও বাংলাদেশের পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ ইলিয়াস হোসেন বলেন, দেশ থেকে পাচারের পর ভারতে পৌঁছানোর পরে কেউ কেউ পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে সেদেশের সেইফ হোমে থাকে। এক পর্যায়ে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের পরে সে দেশের সরকার তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠান। এরপর বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন এর কার্যাবলী সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিওকর্মীরা তাদেরকে গ্রহণ করে তাদেরকে শেল্টার হোম ও তাদের বাড়িতে পৌঁছে দিবে বলে তিনি জানান।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি বলেন, এদের কেউ কেউ পাচারের শিকার বাকিরা সেদেশে অবৈধভাবে অবস্থানের কারণে পুলিশের কাছে আটক হয়। বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এ সকল বাংলাদেশি নারী ও শিশুদের নাগরিকত্ব যাচাই বাছাই সম্পন্ন করা হয়।
পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, বিভিন্ন সময়ে দুষ্ট চক্রের মাধ্যমে প্ররোচিত হয়ে এসব কিশর কিশরী ভারতে পাচার হয়ে যায়।
এরপর সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে তারা জেল ও শেল্টার হোমে থাকে দীর্ঘদিন ধরে। এক পর্যায়ে দুই দেশের যোগাযোগ এর ফলে তাদেরকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ফেরত আসা কিশোর-কশোরীরা তাদের বাসায় যেতে চাইলে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যারা যেতে চাইবে না তাদেরকে শেল্টার হোমে রেখে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।