স্টাফ রিপোর্টার: যশোরের বন্দরনগরী বেনাপোল রেলস্টেশন এলাকায় জিআরপি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ নুর ইসলাম শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বেনাপোল রেলস্টেশন প্লাটফর্মে ওই যুবকের দেহে বিশেষভাবে লুকানো গাঁজাসহ তাকে আটক করেন বেনাপোল জিআরপি ফাঁড়ির পুলিশ।
গাঁজাসহ আটক নুর ইসলাম শেখ বেনাপোল ভবারবেড় গ্রামের মৃত ফুরকান শেখ ও বেনাপোলের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী মাজেদা বেগমের ছেলে।
বেনাপোল রেলওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মোঃ সেতাফুর রহমান জানান, গাঁজাসহ আটক নুর ইসলাম শেখ বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার মা মাজেদা বেগম ও বেনাপোলের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলো। শনিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নুর ইসলাম শেখ মাদকদ্রব্য নিয়োগ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করছে। এসময় জিআরপি পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যদের নিয়ে নুর ইসলাম শেখ আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশি করে তার শরীরের সাথে কচটেপ দিয়ে বিশেষ ভাবে পেচানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।