নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ নয় মাস যুদ্ধের পর স্বাধীনতার বিজয় পতাকা ওড়ে যশোরের মাটি থেকে। বাংলাদেশ স্বাধীনের জন্য শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য ভারতীয় সেনাবাহিনী দেশে প্রবেশ করান অনেক ভারী অস্ত্র। মিত্রবাহিনীর অভিযানে সর্বপ্রথম যশোর হানাদার মুক্ত হয়। যুদ্ধ সমাপ্ত পরে সেসব অস্ত্র আবার ভারতীয় সেনাবাহিনীর দেশে ফিরিয়ে নিয়ে যান। ৫০ বছর ধরে রাখেন সযত্নে। এসব অস্ত্রের মধ্যে ভারতীয় সেনাবাহিনী ২টি ট্যাংক ও কামান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কে উপহার প্রদান করেছে।
আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে দু’দেশের সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাংক ও কামান ২ টি হস্তান্তর করেন।
বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্মকর্তা কর্নেল আশরাফুল ইসলাম এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষে কর্নেল বিতুইন সিংহ হস্তান্তর অনুষ্ঠানে দুই দেশের নেতৃত্ব দেন।
মঙ্গলবার দুপুরে ট্যাংক এবং কামান বহনকারি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি ২টি ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সাথে সাথে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা ভারতীয় সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগের কারণে হাত নেড়ে সাদর সম্ভাষণ জানান।