স্টাফ রিপোর্টার: কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবককে যশোর থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সাদেক আলী (২২) নামে ওই যুবককে যশোরের বড় বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। সে কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলি-১৫ (ডি) শরণার্থী শিবিরের বাসিন্দা।
যশোর কোতোয়ালি থানার অফিস ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম বলেন,মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি রোহিঙ্গা যুবক যশোর শহরের বড় বাজার এলাকায় অবস্থান করছে। এ সময়ে শহরের বড়বাজার (এইচএমএম রোড) এলাকা ফোর্স পাঠিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসার বিষয়টি স্বীকার করেছেন। আটককৃত রোহিঙ্গা যুবক পুলিশ হেফাজতে আছে। তাকে পুনরায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।