স্টাফ রিপোর্টার: যশোরে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলিসহ চিহ্নিত ৩ সন্ত্রাসী আটক হয়েছে। এসময়ে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করে র্যাব-৬ এর সদস্যরা।
মঙ্গলবার রাত ১১ টর দিকে যশোর শহরতলীর পুলের হাট বাজার গফফার মার্কেটের সামনে থেকে তাদের আটক করে যশোর র্যাবের সদস্যরা।

আটককৃতরা হলেন, যশোর পুলেরহাট বেরবাড়ি এলাকার মফিজ সরদারের ছেলে রফিক সরদার (৩৩), যশোর চাঁচড়া ভাদুরিয়া চন্দন পুকুর পাড়ের মিঠুনের বাড়ীর ভাড়াটিয়া মসজিদের ছেলে ফরিদ (৩৩) ও যশোর শংকরপুর এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে কামরুজ্জামান প্রান্ত ওরফে রাসেল (৩৩)।
র্যাব-৬ সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে র্যাবের ডিএডি মোঃ রিপন সিকদার সঙ্গীয় ফোর্স এসআই আব্দুল বাতেন মাহাবুবুর রহমান, এএসআই রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে যশোর পুলেরহাট রাজগঞ্জ সড়কের গফফার মার্কেটের সামনে অভিযান চালিয়ে এসব সন্ত্রাসীদের অস্ত্রসহ আটক করেন।
যশোর র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। তারা যশোর শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে থাকেন। তাছাড়া এসব সন্ত্রাসীরা টাকার বিনিময় বিভিন্ন স্থানে ভাড়ায় অপরাধের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তারা অস্ত্র নিয়ে পুলেরহাট এলাকায় অবস্থান করছে। এর পরপরই তাদের পিছনে আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। একপর্যায়ে রাত ১১ টার দিকে যশোর পুলেরহাট -রাজগঞ্জ সড়কের গফফার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।