বেনাপোলে বোমা-বোমা তৈরির সরঞ্জামসহ স্বতন্ত্রপ্রার্থীর ৪ কর্মী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোলের পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিরের চার কর্মীকে আটক করা হয়েছে। এ সময় ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার বিকেলে এ বিপুল পরিমাণে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেন মন্ডলের ছেলে জাহিদ হোসেন (২১), গোলাম হোসেন মোড়লের ছেলে আলা হোসেন (২৬), সমির মোড়লের ছেলে সজিব মোড়ল (২৩) এবং কদমতলা বারোপোতা গ্রামের মৃত তোফাজ্জেল সরদারের ছেলে আজগর আলী (৫০)।

বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পুটখালী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসির ওরফে গরু নাসির।

তিনি নির্বাচনের দিন তার কর্মী বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ বোমা তৈরি করছিলেন। পরে সংবাদ পেয়ে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের ডেরা থেকে ১০টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এসআই রোকনুজ্জামান আরও জানান, আটক চারজনই পুলিশের কাছে স্বীকার করেছে, নির্বাচনের দিনে ভোট কেন্দ্রের আশপাশে বোমা হামলা করে নির্বাচনী পরিবেশ অস্বাভাবিক করার উদ্দেশ্যে বোমাগুলো তৈরি করা হচ্ছিলো। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *