বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালি সীমান্তে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণ বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার( ১৮ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে স্বর্ণের চালানটি আটক করে।
আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মোক্তার আলীর ছেলে লিটন মিয়া(২৮), ও একই এলাকার আলীকদর মন্ডলের ছেলে শাহাজান মন্ডল(৩২)।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে দুই ব্যক্তিকে আটক করেন । এসময় তাদের দেহ তল্লাশি ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ৪১ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য। আটককৃত আসামিদের বিরুদ্ধ স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।