স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় ৬০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) রাতে ঝিকরগাছা বাজারের স্বর্ণ পটি এলাকায় অভিযান চালিয়ে ঝিকরগাছা থানা পুলিশের সদস্যরা এ বিপুল পরিমাণে ফেনসিডিলসহ তাদের আটক করেন। এ সময়ে মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি ট্রাক ও জব্দ করেন পুলিশ।
আটককৃতরা হলেন,নাভারণের শাহাজান ফিলিং স্টেশনের পিছনে জাওলাপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে কামরুজ্জামান (৩০), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৫) ও মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহাগ পারভেজ। আটককৃতদের মধ্যে কামরুজ্জামান টুকু যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জানতে পারি একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে যশোরের দিকে রওনা হয়েছেন। সাথে সাথে ফোর্স নিয়ে ঝিকরগাছা বাজারের স্বর্ণ পুটি এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। ট্রাকটি সেখানে পৌঁছানোর মাত্রই ট্রাকটির গতিরোধ করে পুলিশ। এ সময় ট্রাক থেকে ৬০ বোতল ফেনসিডল উদ্ধার করা হয়। ফেনসিডিল পাচার সাথে জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করা হয়েছে । তবে তারা কোন রাজনৈতির সাথে জড়িত কিনা তা তিনি জানেন না বলে জানান এ কর্মকর্তা।