স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুরে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বদিউর রহমান (৫৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শনিবার বিকাল পাঁচটার দিকে জেলার কেশবপুর উপজেলার মির্জা নগর গোপালপুর বাজারে অভিযান চালিয়ে যশোর র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। আটক বদিউর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দিয়ারা গ্রামের মৃত আতিয়ার রহমান ছেলে। এ সময়ে মাদক ব্যবসায়ী বদিউরের কাছ থেকে একটি মোবাইল-ফোন, একটি সিমকার্ড, একটি মোটরসাইকেল ও একটি মোটর সাইকেলের চাবি জব্দ করা হয়।
বেনাপোলের মাদক ব্যবসায়ী লিটন দুই কেজি গাঁজাসহ আটক
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান বলেন, আটক বদিউর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বদিউর রহমান মোটরসাইকেলযোগে ইয়াবা ট্যাবলেট নিয়ে কেশবপুর মির্জাপুর নগর গোপালপুর বাজার এলাকায় অবস্থান করছে।
এ সময় যশোর র্যাবের স্কোয়ারড কমান্ডার লেফটেনেন্ট কর্নেল এম এ সারোয়ার হুসাইন ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বদিউরকে আটক করেন। তার দেহে তল্লাশি করে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।