স্টাফ রিপোর্টার: যশোরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। রোববার দুপুর একটার দিকে যশোর সদর উপজেলার মালঞ্চি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের প্রাইভেটকারটির চালক রাফসান চৌধুরী সাদনাম (৩০), চট্টগ্রামের মুরাদপুর এলাকার মোহাম্মদ নয়ন (৪০), একই এলাকার মুরসালিন (৩৮) এবং মোহাম্মদ জনি (৪০)। আহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন (৪০)। তাদের বাড়ি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় বলে শাহাবুদ্দিন (৪০) ।
স্থানীয়দের বরাত দিয়ে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হুমায়ুন জানিয়েছেন, রোববার দুপুর একটার দিকে কয়েকজন প্রাইভেটকার নিয়ে চিটাগাং থেকে বেনাপোল উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি কে সামনে থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩ আরোহী মারা যান। পরে গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে ঘন্টা খানিক পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতরা সবাই বেনাপোলে কুরবানির গরু কেনার জন্য যাচ্ছিলেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক অভিজিৎ রায় জানান, রোববার দুপুর দেড়টার দিকে কয়েকজন লোক নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে আসে। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগেই ৩ জনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয়।