অভয়নগর প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে অভয়নগরে কর্মহীন ৪৫ হাজার ৬০০ পরিবার কে দেওয়া হবে ৪৫০ টাকা করে। আসন্ন ঈদ-উল-ফিতরের আগেই এ টাকা দেওয়া হবে উপজেলার কর্মহীনদের। কর্মহীনদের জন্য বরাদ্দের পরিমাণ ২ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবারের (২৯ এপিল) মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌর এলাকার উপকারভোগী ব্যক্তি পরিবারের তালিকা জমাদানে অনুরোধ করা হয়েছে।
২০২০-২০২১ অর্থ বছরে দরিদ্র ও দুঃস্থ পরিবারের সাহায্যর্থে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত/দুঃস্থ/অতি দরিদ্র পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় এ আর্থিক সহায়তা প্রদান করবে সরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিজিবুল ইসলাম জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৫ হাজার ৬০০ উপকারভোগীর মাঝে কার্ড প্রতি ৪৫০ টাকা হারে ২ কোটি ৫ লাখ ২০ টাকা প্রদান করা হবে। যার মধ্যে প্রেমবাগ ইউনিয়নে ৪ হাজার ৯৯৫টি, সুন্দলী ইউনিয়নে ৩ হাজার ২০০টি, চলিশিয়া ইউনিয়নে ৪ হাজার ৬১০টি, পায়রা ইউনিয়নে ৪ হাজার ৪৮৩টি, শ্রীধরপুর ইউনিয়নে ৬ হাজার ৯১৭টি, বাঘুটিয়া ইউনিয়নে ৪ হাজার ৬১০টি, শুভরাড়া ইউনিয়নে ৬ হাজার ২০টি, সিদ্ধিপাশা ইউনিয়নে ৬ হাজার ১৪৪টি ও নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ উপকারভোগী ব্যক্তি পরিবার উপ-বরাদ্দের টাকা পাবে।
এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের সাহায্যর্থে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০০ টাকা হারে নগদ অর্থ প্রদান করা হবে। প্রতি ইউনিয়নে ৫০০ করে ৮টি ইউনিয়নে ৪ হাজার এবং নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪০০ উপকারভোগীর মাঝে উপ-বরাদ্দের ২২ লাখ টাকা প্রদান করা হবে।
উপ-বরাদ্দের তালিকায় কারা অর্ন্তভুক্ত হতে পারবে এবং পারবে না এমন প্রশ্নে পিআইও জানান, মালিকানায় বা ভিটেবাড়ী ছাড়া কোন জমি নেই, দিনমজুর আয়ে নির্ভরশীল, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তীর উপর নির্ভরশীল, উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক পুরুষ সদস্য নেই, স্কুলগামী শিশু উপার্জনের জন্য কাজ করে, উপার্জনশীল কোন সম্পদ নেই, স্বামী পরিত্যাক্তা-বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা মহিলা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, বাড়ির প্রধান অস্বচ্ছল বা অক্ষম প্রতিবন্ধী, ক্ষুদ্র ঋণ প্রাপ্ত হয়নি, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য/ অর্থ সংকটে থাকা, দু’ বেলা খাবার জোটেনা ও করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি পরিবার উপ-বরাদ্দের উপকারভোগীর তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবে। তালিকায় অবশ্যই ৭০ শতাংশ মহিলা হতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় অর্ন্তভুক্ত করা যাবে না, বয়স্ক/ বিধবা/ প্রতিবন্ধী/ ভিজিডি/ খাদ্যবান্ধব/ ইজিপিপি তালিকায় অর্ন্তভুক্তকে তালিকায় সংযুক্ত করা যাবে না এবং সরকার প্রদত্ত ২ হাজার ৫০০ টাকা প্রণোদনার তালিকাভুক্তরা অর্ন্তভুক্ত হতে পারবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচি এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হবে। উপ-বরাদ্দের প্রাপ্ত অর্থ পৃথকভাবে বিতরণ করা হবে। সংশ্লিষ্টদের সাথে জরুরি সভা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিলের মধ্যে স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভা কর্তৃক উপকারভোগীর তালিকা জমা দিতে অনুরোধ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর জানান, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের সরকার। মহামারী করোনাভাইরাস এর ভিতরে কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগ। বরাদ্দকৃত টাকা ঈদুল আযহার আগেই ভুক্তভোগীদের কাছে প্রেরণ করা হবে। এ কর্মসূচির বরাদ্দকৃত টাকা প্রদানের কোনো অনিয়ম হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।