কুকুরের মাথা ও চামড়াসহ কসাই আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: কুকুরের মাথা, নাড়িভুড়ি ও চামড়াসহ সুরুজ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায়। স্থানীয়রা ওই যুবককে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক যুবক হাসনাবাদ হাউজিং কমিউনিটি সেন্টার রোডের হাজি জাহিদের বাড়িতে ভাড়া থাকত। সুরুজ একটি মাংসের দোকানে চাকরি করতেন। গত ১০/১৫ দিন যাবৎ তার চাকরি ছিল না বলে জানান জাকির মাংস দোকানের মালিক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফুরগাঁও থানায়। সে তিন মাস ধরে এ এলাকায় বসবাস করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক প্রতিবেশী জানান, তার রুমে লাল রঙের একটি কুকুরের বাচ্চা দেখে তাকে জিজ্ঞাসা করলে সে এটা লালন-পালনের জন্য এনেছে বলে জানায়। পরে আমার স্ত্রী তার রুমের রক্ত মুছতে দেখে তাকে জিজ্ঞাসা করে এটা কিসের রক্ত? আমার স্ত্রীর সন্দেহ হলে সে আমাকে বলে কসাই কিসের যেন রক্ত মুছতেছে।

পরে আমি আরো কয়েকজনকে নিয়ে তাকে জিজ্ঞাসা করি কুকুরের বাচ্চাটা কোথায়, সে বলে ছেড়ে দিয়েছি। পরে বহু জিজ্ঞাসাবাদ শেষে সে স্বীকার করে কুকুরের বাচ্চা জবাই করে এক মহিলার কাছে বিক্রি করেছে সে। পরে পাশের এক ডাস্টবিন থেকে কুকুরের মাথা, নাড়িভুড়ি ও চামড়া উদ্ধার করে উত্তম-মধ্যম শেষে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

অপর প্রতিবেশী জানান, আগে আমাদের আশেপাশে বহু কুকুরের বাচ্চা ছিল। কিন্তু এখন দুই একটি ছাড়া কোনো বাচ্চা দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সে এগুলো জবাই করে বিক্রি করেছে। সে মাদকাসক্ত বলেও জানায়, স্থানীয়রা ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় মালু কসাইর সহযোগীকে আটকের খবরটি নিশ্চিত করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পায় আটক সুরুজ একটি কুকুর জবাই করে মাংস বিক্রি করেছে।এই অপরাধের দায়ে স্থানীয়রা তাকে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে একজন মাদকাসক্ত। বেশ কিছুদিন যাবত ধরে ধরে জবাই করে বিক্রি করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *