মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন ও রয়টার্সের প্রতিনিধি আবু আক্তার করণ কে অফিসে আটকে রেখে পিটিয়েছে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের সহ অফিসের কয়েকজন কর্মচারী।
রোববার দুপুরে মেহেরপুর সমাজসেবা কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা এ হামলার শিকার হন। এ সময় ডিবিসি প্রতিনিধির ব্যবহৃত ক্যামেরাটি ভাঙচুর করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসির সাংবাদিক আবু আক্তার করণ জানান, মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের দীর্ঘদিন ধরে সরকারি গাড়ি ব্যবহার করে নিজের বাড়ি পাবনা ও শ্বশুড় বাড়িতে যান প্রতিসপ্তাহে। এ ছাড়া তিনি নিজ চেয়ারে বসে সকলের সামনে ধূমপান করেন এবং অফিস চলাকালীন তিনি কার্যালয়ে ঘুমিয়ে থাকেন। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমার সহকর্মী জাকির হোসেনকে নিয়ে উপপরিচালকের কার্যালয়ে তাঁর বক্তব্য নিতে যাই। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে প্রথমে তাঁর গোপন কক্ষে নিয়ে আমাদের আটকিয়ে রাখেন। পরে ডিডি আব্দুল কাদের, শিক্ষানবিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদের এর ব্যক্তিগত গাড়িচালক মিলনসহ বেশ কয়েকজন আমাদের মারধর করে এবং ক্যামেরা ভাঙচুর করে।খবর পেয়ে আমাদের অন্যান্য সহকর্মীরা ও পুলিশের একটি দল গিয়ে আমাদের উদ্ধার করে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় উপপরিচালক আব্দুল কাদের, সাজ্জাদ হোসেন, গাড়িচালক মিলন শেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত উপপরিচালক আব্দুল কাদেরের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা অফিসে এসে আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং আমাকে উল্টাপাল্টা কথা বলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেন।আমি তাদের সাথে কথা বলতে না চাইলে তারা আমাকে জোর জবরদস্তি করে কথা বলানোর চেষ্টা করেন। এসময় আমি সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করলে তারা আমাকে মারধর করে। এসময় আশেপাশে থাকা আমার অফিসের লোকজন তাদের উপর চড়াও হয়। তবে সাংবাদিকদের মারধরের বিষয়টা একেবারে অবান্তর বলে তিনি জানান।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, দুই সাংবাদিককে মারধরের অভিযোগে দুপুরে থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। সরকারি কর্মকর্তা যদি সাংবাদিকদের কাজে বাধা দেন বা কাজে অসহযোগিতা করেন। এরকম প্রমাণ পেলে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান ।