বেনাপোল সংবাদদাতা: ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশের সময় শিশুসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এক বছর আগে তারা জালালের প্রলোভনে পড়ে ভালো কাজের সন্ধানে ভারতে গিয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন- নড়াইল জেলার লাবনী বেগম (২৫) ও তার দেড় বছরের এক কন্যা, যশোর অভয়নগর এলাকার হাসিনা বেগম (২০), জামালপুর জেলার কোনাবাড়ি এলাকার জালাল উদ্দিন (৩৫), বাগেরহাট জেলার সরনখোলা এলাকার ফিরোজা হাওলাদার ( ৩২) তার স্ত্রী জোসনা বেগম (২৮) এবং তার দুই বছর বয়সী ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহআলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পুটখালী বালুর মাঠ সীমান্ত দিয়ে ভারত থেকে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে। এসময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।রাতে তাদের নামে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান জানান, বিজিবি সদস্যরা শিশুসহ সাত নারী-পুরুষকে আটক করে মামলা দিয়ে গতরাতে থানায় হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাদের আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।