নিজস্ব প্রতিনিধি: যশোর জেলার শার্শা ও ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার ভোররাতে শার্শা উপজেলার নাভারণ ও ঝিকরগাছা উপজেলায় যশোর গোয়েন্দা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি, নগদ টাকা ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। গ্রেফতার চার জন হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাহার আলী তরফদার (৪০), শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আনছার গাজীর ছেলে শফিকুল ইসলাম ওরফে রেজাউল ওরফে গুড্ডু (৪০), আশাশুনি উপজেলার বুধহাটা শ্বেতপুর গ্রামের মৃত মকছেদ সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৫৫) ও যশোরের ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে তহিদুর রহামান ওরফে কালু।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোরের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন
বলেন, গত ২৩ আগস্ট মনিরামপুর উপজেলার পলাশী গ্রামের মনির হোসেনের বাড়িতে ও ২৮ আগস্ট ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের রানা বিশ্বাসের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়।
এ ঘটনায় ওই দুই পরিবার সাত লাখ ৬২ হাজার টাকার মালামাল লুটের অভিযোগে পৃথক দু’টি মামলা করেন। মামলা দু’টি গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।
পরে সোমবার (৩১ আগস্ট) ভোরে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাহার, শফিকুল ও সালামকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে তহিদুরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুট্যার গান, এক রাউন্ড গুলি, একটি এয়ারগান, নগদ এক লাখ ৭৯ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কারসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।