আজ সারা দেশের ন্যায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এ তিন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ইভিএম-এ মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।
২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে ভোট গ্রহণ চলছে। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১।
চৌগাছা উপজেলায় চেয়ারম্যান পদে এস এম হাবিবুর রহমান (আনারস) ও মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল) মার্কা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী ( কলস), নাছিমা খাতুন ( হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহীন (ফুটবল) ও রীপা ইসলাম ( প্রজাপিত) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে
এ উপজেলায় ১টি পৌরসভায় ও ১১টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রের ৫৭৮ কক্ষে ভোটগ্রহণ চলছে। ৮১ প্রিজাইডিং অফিসার, ৫৭৮ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৫৬ পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন । ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৬৫ ও মহিলা ৯৮ হাজার ৩৬৭।
ভোটের দিন দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়,চৌগাছার শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজে প্রথম তিন ঘন্টায় সকাল আটটা থেকে বেলা ১১ টা পর্যন্ত তিন ঘন্টায় ভোট পড়েছে ১৪২ টি। যা মোট ভোটারের ৪.২৩ শতাংশ। কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৩৫১টি বলে জানিয়েছে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার কবিতা খাতুন ।
চৌগাছা মাসিলা মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গিয়ে জানা যায় কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ১৯৪৬ জন। দুপুর বারোটা পর্যন্ত ভোট পড়েছে ৩৪৫। ভোট পড়ার হার ১৭.৭২ শতাংশ।
চৌগাছা হাজী সর্দার মর্তুজারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ৪০৪৬, দুপুর বারোটা পর্যন্ত ভোট পড়েছে ৮৩৭। ভোট পড়েছে ২০.৬৮ শতাংশ। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।