স্টাফ রিপোর্টার: রাজধানীতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময়ে গাঁজা বহন করার দায়ে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আবুল কাশেম, মোঃ বাপ্পী হোসেন, মোঃ ইসমাইল, মোঃ মাসুম মিয়া ও মো: রাসেল।
তাদেরকে পৃথক অভিযানে তেজগাঁও এবং যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
ডিবির গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানান, তিন মাদক কারবারি কাভার্ডভ্যান যোগে তেজগাঁও থানার আওলাদ হোসেন মার্কেট এলাকার দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কাভার্ডভ্যানসহ পালানোর চেষ্টাকালে কাশেম, বাপ্পী ও ইসমাইলকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। কাভার্ডভ্যানটি তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসায়ীদের নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করতো। তাদের তেজগাঁও থানায় রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম জানান, সোমবার রাত দশটার দিকে যাত্রাবাড়ী থানার দনিয়া আইলপাড়া মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনে থেকে ২৮ কেজি গাঁজাসহ মাসুম ও রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদক মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।