সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরানের ১৩ রূপরেখা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ১৩টি রূপরেখা উত্থাপিত হয়েছে, এগুলো নিয়ে কাজ চলছে।

তিনি জানান, উত্থাপিত রূপরেখার মধ্যে ইরানের সবচেয়ে দুর্বল রূপরেখাটিও যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক দুঃস্বপ্ন হিসেবে দেখা দেবে।
তিনি আরও বলেন, প্রতিশোধের জন্য ১৩টি রূপরেখা এসেছে। তবে এখনই এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি জানান।

আলী শামখানি বলেন, জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ কেবল একটি অভিযানের মাধ্যমে নেয়া হবে না বরং প্রতিরোধ ফ্রন্টের সব যোদ্ধা মিলে এর প্রতিশোধ নেবে।

তিনি আরও বলেন, ইরান সীমান্তের খুব কাছেই আমেরিকার ১৯টি ঘাঁটি রয়েছে। এগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেখানকার জনশক্তি ও সামরিক সরঞ্জাম সম্পর্কে আমাদের হাতে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে এবং তাদের ছোট-বড় সব ধরনের তৎপরতা নজরদারি করা হচ্ছে।

শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানি। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *