সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু,আহত ১০

নিউজটি শেয়ার লাইক দিন

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাঠে বাদাম তোলার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকার বাদাম খেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সুন্দর পাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু-নারীসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টার দিকে ঝড়ের সময় বজ্রপাতের ঘটনা ঘটে। সেই বজ্রপাতে ঘটনাস্থলেই সুন্দর পাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আব্দুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। তাদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজনকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করা হয়েছে। ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারকে পাঁচ হাজার করে নগদ টাকাও দিয়েছি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *