সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সিমান্ত থেকে এক কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ হাফিজুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাােক আটক করে।
আটক মো. হাফিজুল ইসলাম (৪৮) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে। বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। পরে বিজিবি ভোমরা বিওপির কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় বেড়িবাঁধের কাছ থেকে স্বর্ণ চোরাচালানী হাফিজুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, সোমবার সকালে ভোমরা বিজিবি বিওপিতে গোপনে সংবাদ আসে এক পাচারকারী স্বর্ণ নিয়ে ভারতের সীমান্তের দিকেে যাচ্ছে। এ সময় ভোমরা বিওপির কমান্ডার ওয়াহিদ ফোর্স নিয়ে লক্ষ্মী দাড়ি সীমান্ত অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ হাফিজুল নামে এক পাচারকারীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে সাতক্ষীরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।