স্টাফ রিপোর্টার: যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (৪ই জুন ) দুৃপুর একটার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে শহরের মোল্লাপাড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সাথে সাথে পরিবারের লোকজন তাকে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সাংবাদিকদের মধ্যে শোকের সৃষ্টি হয়।
খবর পেয়ে সাংবাদিকরা তার বাড়িতে ছুটে যান। সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস দীর্ঘদিন প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। প্রেসক্লাবের আগামী ১৩ জুলাইয়ের নির্বাচনেও তিনি সদস্য পদে প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।