নড়াইল প্রতিনিধি ঃ সর্দি কাশিতে আক্রান্ত হয়ে নড়াইলের সদর উপজেলার আউডিয়া ইউনিয়নের নাকসী গ্রামে মঞ্জুরুল ইসলাম (৪৫) নামের ১ জনের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সাইদ শেখের পুত্র। শনিবার (২০জুন) নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়লে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী এবং আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিক জানান, মঞ্জুরুল ইসলাম কয়েক দিন আগে নারায়নগজ্ঞ থেকে নড়াইল আসেন। তিনি প্রান গ্রুপে গাড়ীর চালক পদে কর্মরত ছিলেন। বাড়ীতে আসার পর থেকে সে সর্দি কাশিতে আক্রান্ত ছিল। ২০ জুন বিকেলে তার অবস্থা খারাপ হলে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াইলের সিভিল সার্জন ডা. মোঃ আবদুল মোমেন বলেন, করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ২ সদস্যসহ ৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১৬জন হাইওয়ে পুলিশ সদস্য ও ৮জন ডাক্তারসহ সর্বমোট ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।