শার্শায় নৌকা প্রতীকের সন্ত্রাসী বাহিনীর গুলিতে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী গুলিবিদ্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতা যেন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। প্রতিনিয়ত নির্বাচনকে কেন্দ্র করে ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ।

বর্তমান বিরোধী দল বিএনপি সরকারের মনোনীত প্রার্থী মাঠে না থাকলেও সরকারি দলীয় কোন্দলে বিপর্যস্ত দলটি। শার্শা উপজেলার বাগআছড়া ইউনিয়নেও ডিহি ইউনিয়নে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ কাটতে না কাটতে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে গোগা ইউনিয়নের পাচভুলটে নৌকার প্রার্থী আব্দুর রশিদের সন্ত্রাসী বাহিনী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তবিবুর রহমানের কর্মীদের উপর গুলিও বোমা বর্ষণ করেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধ ও একজন বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় উদ্ধার করে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান,শুক্রবার সকাল ১০ টার দিকে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নৌকা প্রতীকের আব্দুর রশিদের নেতৃত্বে গোগা পাচভুলট স্কুলের মাঠে শাহাবুদ্দিন, জিল্লুর, সুজন, আনসার, আহসান, নিসার আলী মেম্বার, সাজিদ, হামিদের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের সমর্থকদের উপর গুলি ও বোমা হামলা করেন। গুলিতে অজীবর রহমানের ছেলে আশরাফুল(২৮), নঈম উদ্দিনের ছেলে ফজের আলী(৪৪) গুরুতর আহত হয়েছেন। বোমার বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ওমর আলীর ছেলে রবিউল (৪৫)। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ফজর আলির বুকে গুলিবিদ্ধ হয়েছে ও আশরাফুলের পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ বলেন, দুপুরে আহতদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।আহতদের মধ্যে ফজর আলীর বুকের এক পাশে ও আশরাফুল ইসলাম উরুতে গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে আশরাফুলের অবস্থা গুরুতর। এছাড়া রবিউল ইসলাম নামে অপর একজন বোমার স্প্রিন্টারে আহত হয়েছেন। তাকেও হাসপাতলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান তবিবুর রহমান বলেন,  গতকাল রাতের আধারে নৌকার কর্মমীরা তাদের অফিস ভাংচুর করে। পরে সকালে তিনি তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে নৌকা প্রতীকের চেয়ারম্যান আব্দুর রশিদের লোকজন তাদের উপরে হামলা করেন।

শার্শা থানার অফিস ইনচার্জ (ওসি) বদরুল আলম খানের কাছে নির্বাচন সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন আমরা সহিংসতা নিরোধের জন্য চেষ্টা করছি। বিক্ষিপ্তভাবে ছোটখাটো ঘটনা ঘটছে। আজকের সকালের ঘটনায় এ পর্যন্ত ভিকটিমের পরিবার থেকে কোন মামলা করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে আসামি শনাক্তের চেষ্টা চলছে। আসামি শনাক্ত করে পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নামবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *