স্টাফ রিপোর্টার: যশোরে যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শহীদ বুদ্ধিজীবী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর জেলা প্রশাসক তাজুল ইসলাম।
মঙ্গলবার সকাল আটটা থেকে জেলা প্রশাসন যশোর শংকরপুর অবস্থিত বধ্যভূমিতে শহীদ বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।
এর পরপরই একে একে বিনম্র শ্রদ্ধা জানান, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম, (ক সার্কেল) বেলাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মহিদুর রহমান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, যশোর জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোর কালেক্টরেট মসজিদের ইমাম ক্বারী রফিকুল ইসলাম।
এছাড়া জেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজারো মানুষ শংকরপুরে অবস্থিত বধ্যভূমিতে সমবেত হন এবং শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।
বুদ্ধি দিবস উপলক্ষে বিকেল চারটায় জেলা প্রশাসনের উদ্যোগে টাউনহল ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।