রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশী আরো এক যুবককে মৃত্যু 

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া মোহাম্মদ আকরাম হোসেন (২৫) নামে আরো এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। এর আগে ৬ই ফেব্রুয়ারি যশোরের যুবক জাফর রাশিয়া -ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করে ইউক্রেনীয় বাহিনীর গুলিতে মারা যান।

সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের মোর্শেদ আলীর ছেলে। সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১১ মাস আগে ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হওয়ায় এক পর্যায়ে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন তিনি।

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার সময় তিনি নিজের ফেসবুকেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। তবে পরিবারের বারবার নিষেধ সত্ত্বেও আকরাম জানান, আর ফিরে আসার সুযোগ নেই তার।

১৩ এপ্রিল থেকে আকরামের সঙ্গে পরিবার এবং রাশিয়ায় থাকা পরিচিতজনদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর ১৮ এপ্রিল আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। তার ইউনিটের আরও কয়েকজন সদস্য একই হামলায় প্রাণ হারিয়েছেন।

আকরামের মা মোবিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের কণ্ঠ শুনি না বহুদিন, এখন তো আর শোনার সুযোগও থাকল না।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার সূত্রে জানতে পেরে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *