স্টাফ রিপোর্টার: যশোর র্যাবের অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মফিজুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট সিরাজুল ইসলামের বাড়ীর (মিশু মঞ্জিল) দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। আটক মফিজুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুল মোড়লের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মােঃ নাজিউর রহমান বলেন, আটককৃত মফিজুর রহমান এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে সংবাদ পেয়ে জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতের নামে মাদক আইনে মামলা দিয়ে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।