নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার আসামী ভাগ্নে ইমন (১৯) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- এর সদস্যরা।
মঙ্গলবার (৫ই মার্চ) সকাল সাতটার দিকে ঢাকার দোহার মধুরচর এলাকায় অভিযান চালিয়ে যশোর র্যাব-৬ ও মুন্সিগঞ্জ র্যাব-১০ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে যশোর তেঁতুলতলা ইসমাইল কলোনির খালিদ হোসেনের ছেলে।
উল্লেখ্য গত ১০ এ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে যশোর রেলস্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে একাধিক মামলার আসামী জুম্মান কে চুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরের দিন নিহতর পরিবার জিআরপি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার পরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে আটক করতে সক্ষম হলেও মামলার এক নম্বর আসামী ভাগ্নে ইমন হত্যাকাণ্ডের পরপরই আত্মগোপনে চলে যায়।
যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ ক্যাম্পের অধিনায়ক মেজার মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভাগ্নে ইমনের অবস্থান সনাক্ত করা হয়। এরপর আজ সকাল সাতটার দিকে ঢাকার দোহার মধুরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। একপর্যায়ে ১০ই ফেব্রুয়ারী সন্ধ্যায় যশোর রেলস্টেশনের দ্বিতীয় প্লাটফর্ম জুম্মানকে কৌশলে ডেকে নিয়ে এসে ইমন ও অন্যান্য আসামীরা তাকে চাকু দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। বিকালে তাকে খুলনা জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।