স্টাফ রিপোর্টার: যশোরে ২৫০০ পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে।
এছাড়াও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের কাছ থেকে ১ বোতল ভারতীয় মদ (বড়), ৮ বোতল ভারতীয় মদ(ছোট), ৪০ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের মদ(ছোট) ১০(দশ) টি মোবাইল ফোন, ২ টি ইন্ডিয়ান পাসপোর্ট্ এবং নগদ ৯,৬০০ ইন্ডিয়ান রূপি এবং ৩০০ টাকা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৫ লাখ টাকা।
শুক্রবার দুপুরে যশোর জেলা পুলিশের পক্ষে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) বিকাল পাঁচটার দিকে যশোর আশ্রম মোড়ে ভাই ভাই মেটাল এন্ড ওয়েল্ডিং ওয়ার্কসপ এর সামনে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন, এএসআই(নিঃ) মোঃ শফিউল ইসলাম, এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম অভিযান চালিয়ে এসব নিশা জাতীয় ট্যাবলেটসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার চন্দ্রপুর এলাকার মৃত জীবন কুমার সরকারের ছেলে জয়দ্বীপ সরকার(৩২) ও ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার দেবগড় এলাকার অমর কীর্তনের ছেলে অমিয় কীর্ত্তনীয়(৩৩)।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের মাধ্যমে গতকাল বিকেলে ওই দুই ভারতীয় নাগরিকদের নেশা জাতীয় ট্যাবলেট ও ভারতীয় মদসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।