তরিকুল ইসলাম মিঠু, যশোর : যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জন রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস।
নিহতারা হলেন, জেলার চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া এলাকার দোলন (৩৩) ও জেলার বাঘারপাড়া উপজেলার গৌরনগর এলাকার আব্দুল গফফার (৬৫)।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ জনের মধ্যে ২জন মনিরামপুরের, ১ জন চৌগাছার ও ঢাকা হতে ফিরা ৩জন। যশোর সদরে ৩ জনসহ মোট নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে ১০৮ জন। এরমধ্যে স্থানীয় ৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা থেকে আগত ৩৩ জন ডেঙ্গু তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এসব ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ জন। মৃত্যু হয়েছে দুইজন। এছাড়া এখনো ২০ জন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তত্ত্বাবধায়ক ডঃ মুহাম্মদ হারুন বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের যথাযথভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় দু’জন রোগীর মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। ঢাকা থেকে আগতদের মধ্যে তুলনামূলকভাবে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা বেশি। এছাড়া যশোরেও দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়লে সংক্রমণ কমানো সম্ভব হবে বলে তিনি জানান।