স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ১৪টি নমুনার ফল পজেটিভ এসেছে; যার মধ্যে চারটি যশোরের।শুক্রবার যশোর জেলা থেকে সংগ্রহ করা ২১টি নমুনা পাঠানো হয় যবিপ্রবি জেনোম সেন্টারে। সেগুলোর মধ্যে চারটি পজেটিভ ফল দেয়। এছাড়া ঝিনাইদহের ১৪টি নমুনার মধ্যে একটির ফল পজেটিভ এসেছে।
শনিবার যবিপ্রবি জেনোম সেন্টারে মোট ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫টি নমুনা পজেটিভ রেজাল্ট দিয়েছে।
যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২৩টি নমুনা পাঠানো হয়েছিল যশোরে। খুমেক ল্যাবে অতিরিক্ত নমুনা জমে যাওয়ায় সেখানকার কর্তৃপক্ষ যশোরের সহযোগিতা নেন। এই নমুনাগুলো ছিল যশোর, সাতক্ষীরা, মাগুরা ও বাগেরহাটের।
ড. নিগার জানান, এই ১২৩টি নমুনার মধ্যে দশটি পজেটিভ রিপোর্ট দিয়েছে। এর মধ্যে যশোরের ৩৯টি নমুনার সবক’টিই নেগেটিভ ফল দেয়। তবে সাতক্ষীরার ৩৭টির মধ্যে পাঁচটি, বাগেরহাটের ১৩টির মধ্যে দুটি এবং মাগুরার ৩৪টির মধ্যে তিনটি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়।