নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন ওয়ে ব্রিজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার তেলিধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দুর রবের ছেলে রাব্বি (২৬) ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাথে সাথে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। রুবেল হত্যাকাণ্ডের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে নিজেদের মধ্যে দলীয় কোন্দল থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার কে থানায় মামলা দায়ের করতে বলা হয়েছে। তাছাড়া অপরাধীদের ধরতে পুলিশের কয়েকটি টিম এক যোগে কাজ করছে বলে তিনি জানান।