স্টাফ রিপোর্টার: যশোরে রাকিব সরদার নামে এক ভাংড়ি দোকান কর্মচারী কুপিয়ে হত্যা হত্যা করেছে সন্ত্রাসীরা। সে শহরের বকচর হুঁশতলা কবরস্থানপাড়ার মৃত লিটু সরদারের ছেলে।
শুক্রবার সন্ধ্যা সাতটা দিকে হুঁশতলা মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই হাসিবুর রহমান জানান, তার ভাই বকচর মোড়ে একটি ভাংড়ির দোকানে কাজ করতেন। শুক্রবার দোকান বন্ধ থাকায় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রাকিব মাঠপাড়ার শহিদুল ইসলামের চটপটির দোকানে চটপটি খেতে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাকিব বন্ধুদের সাথে চটপটি খাচ্ছিলেন। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে রাত ৭টার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা বটু সরদার বলেন, রাকিব তাদের সাথে একটি মিটিংয়ে গিয়েছিলেন। সেখান থেকে আসার পরই এ ঘটনা ঘটে।
জরুরি বিভাগের ডাক্তার মুরছালিনুর রহমান জানান, রাকিবের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
ঘটনার পরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয়। এছাড়া, পিবিআই, সিআইডি ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।