স্টাফ রিপোর্টার, যশোর :যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নিলয়ের দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্র বের করে এক ব্যবসায়ীকে হুমকি দেয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
আজ বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার গদখালী বাজারের তবিবুর রহমান তবি নামে এক ব্যবসায়ীর দোকানে গিয়ে এ ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা হুমকি ধামকি দেয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
ছাত্রলীগ নেতা শাহরিয়ার নিলয়ের অস্ত্র দিয়ে গুলি করার ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন
স্থানীয়দের তথ্য মতে, পানিসার গ্রামের হবি নামে এক কলেজ ছাত্র দুপুর ১টার দিকে গদখালী বাজার থেকে ভ্যানে করে ঝিকরগাছার দিকে যাচ্ছিলো। এসময় রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে বার বার হর্ণ বাজাচ্ছিলেন ওই বাজারের ব্যবসায়ী তবিবুর রহমান তবির ছেলে হৃদয়। বার বার হর্ণ বাজানোর কারণে হবি পিছনে ফিরে তাকালে হৃদয় ট্রাক থেকে নেমে তাকে থামতে বলে। এরপর পিছনে তাকানোর কারণ জানতে চায়। এসময় হৃদয় কথা কাটাকাটির একপর্যায়ে হবিকে মারপিট করে। সে গ্রামে ফিরে গিয়ে বন্ধুদের জানালে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নিলয়সহ তার কয়েক সহযোগী বিকেল ৪টার দিকে গদখালী বাজারে গিয়ে হৃদয়ের পিতা তবিবুর রহমান তবির দোকানে গিয়ে অস্ত্র বের করে হুমকি ধামকি দেয় এবং ত্রাস সৃষ্টি করে। ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্য ধরা পড়ে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।
এদিকে ঘটনার পর পুলিশ অভিযান শুরু করায় মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন শাহরিয়ার নিলয়।
ঝিকরগাছা পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলী বলেন, শাহরিয়া নিলয় আগে ঝিকরগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। কিন্তু দুই বছর আগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সে একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। এসমস্ত অপকর্মের কারণে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। তিনি আরো বলেন শুনেছি গতকাল এক দোকানীকে দিনেদুপুরে গুলি করতে গিয়েছিল। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর তৈরি হয়েছে বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে ঝিকরাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের কাছে জানতে চাইলে তিনি বলেন, হুমকি ধামকির বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ করলে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।