তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের শার্শায় জোর করে একটি পেট্রোল পাম্প দখলচেষ্টার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন ওরফে আইনাল মেম্বার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
তিনি শার্শা উপজেলার বাগাচড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তনিমা তাসনুমা এক ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন। বিএনপির অভিনেতা
জাল-জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নিতে লাগাতার হামলা চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী তনিমা তাসনুমা উল্লেখ করেন,অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় পদ পদবীর প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে পাম্পটি দখল নেয়ার চেষ্টা করছেন।
তনিমা তাসনুমা জানান,তার বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজার ১৭ শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনটি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালে তিনি মারা যান। এরপর ২০২৩ সাল থেকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে পেট্রোল পাম্পটি অনেকবার দখলের চেষ্টা করেন। সবশেষ বিচারকের সই জাল করে একটি হস্তান্তর চুক্তিনামা তৈরি করেন।
এ ঘটনায় জাল দলিলের বিরুদ্ধে তিনিও সই জালের ঘটনায় বিচারক বাদী হয়ে মামলা করেন। ওই মামলা দু’টি চলমান থাকলেও থেমে নেই আনোয়ার ও তার লোকজনের অত্যাচার। সবশেষ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফিলিং স্টেশনে ঢুকে পাম্পের চাবিসহ সব কাগজপত্র ছিনিয়ে নেন এবং ম্যানেজারকে পাম্প থেকে বের করে দেন। বিষয়টি পুলিশকে জানালে তারা চলে যান। তবে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখল করার হুমকি অব্যাহত রেখেছেন। এ অবস্থায় সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।
বিষয়টি নিয়ে অভিযুক্ত আনোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পেট্রোল পাম্প দখলের বিষয়টা সঠিক নয়। তিনি দাবি করে বলেন, ছয় কোটি ৮ লাখ টাকা দিয়ে তিনি জমি ও পেট্রোল পাম্পটি ক্রয় করেছেন। ১৯৯৯ সাল থেকে পাম্পটি তিনি পরিচালনা করছেন। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত পাম্প তার দখলে ছিল। গোলাম কিবরিয়ার স্ত্রী-সন্তানরা দলিল ও চুক্তিনামা মানেন না। তারা পেট্রোল পাম্প মালিক সমিতি ও পুলিশকে দিয়ে আমার কাছ থেকে পাম্পটি দখল করে নিয়েছেন।
বিষয়টি নিয়ে শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। তবে অধিকতর খোঁজখবর না নিয়ে বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন না করার পরামর্শ দেন এই নেতা।
বিষয়টি শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পেট্রোল পাম্পের চাবি নিয়ে ভুক্তভোগীদের কাছে ফেরত দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এর পরেই বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।